সুপারি রাখার ট্যাংকে নেমে ২ ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি রাখার ট্যাংকে নেমে বিষক্রিয়ায় মো. শফি (৪০) ও শহীদুল্লাহ (৩৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেলাগাজী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ভাই ওই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে।

একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন জানান, সুপারি রাখার ট্যাংক থেকে সুপারি তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

জানতে চাইলে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘একটি ৭-৮ ফুট গভীর সুপারি রাখার ট্যাংক থেকে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনাটি ঘটেছে। ট্যাংকে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ চেতনা হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক নারী ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।