শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে এসে একটি বন্যহাতি মারা গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তা-ব আরও বেড়েছে। প্রতিনিয়ত দিনের বেলা ও রাতে অব্যাহত তান্ডব চলায় স্থানীয় কৃষকরা ক্ষেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।
বৃহস্পতিবার মধ্যরাতে প্রায় ৪০টি বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তা-বের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডব চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। খবর পেয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।