হিমালয়ের দেশ নেপালকে তাদের মাটিতেই হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় দলের ফুটবলারদের দেওয়া হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনা। আজ তারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে। যেখানে তারা সরকার প্রধানের অভ্যর্থনা গ্রহণের পাশাপাশি নিজেদের অনেক দাবিদাওয়া নিয়েও বলেছেন কথা।
সেই মুহূর্তের একটি ভিডিও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে সাবিনা খাতুনদের তারা অনূধর্ব্ব-১৭ দলের ফুটবলার বানিয়ে দিয়েছে।
ভিডিও পোস্ট করার সময় শুরুতে ক্যাপশনে তারা লিখেছিল, ‘একটি স্মরণীয় দিন, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন মেয়েদের অসাধারণ সাফল্য ও অদম্য নিষ্ঠার জন্য সম্মানিত করলেন। এই গৌরবময় অর্জনের উদযাপন এবং বাংলাদেশের নারী ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা প্রত্যক্ষ করার এ এক অনন্য মুহূর্ত।’
বিকেল ৩টা ৫৫ মিনিটে করা সেই ভিডিও ততক্ষণে সহস্রাধিক মানুষ দেখে ফেলেন। রিয়েকশন পড়ে ১ হাজার ৫৯১ জনের। তারপর ঘড়ির কাঁটা ৪টা পেরিয়ে যাওয়ার পর নজরে আসে বাফুফের ফেসবুক পেজ সঞ্চালকদের। বিকেল ৪টা ৯ মিনিটে ভুল ধরার পড়ার পর সেটা সংশোধন করা হয়। পোস্টের এডিট হিস্টরিতে গেলে সেই ভুল এখনও দেখা যাচ্ছে।
কিন্তু ততক্ষণে অনেকেই সেটা দেখে ফেলেছেন। সমালোচনাও হয়েছে। কেউ কেউ বলছেন, বাফুফে এমন মানুষদের দ্বারা ফেসবুক পেজ পরিচালনা করছে, যারা নিজেরাই জানে না বাংলাদেশের মেয়েদের জাতীয় দল নাকি বয়সভিত্তিক দল সাফ জিতে এসেছে।