দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও বর্ষীয়ান আইনজীবী ড. কামাল হোসেন। গতকাল শনিবার সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।
ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা (জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক) মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।’
কমিশনের সদস্য প্রফেসর সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ প্রতিনিধিদলে ছিলেন।
এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা আজ রবিবার সংবাদ সম্মেলনে আসবেন। গতকাল সন্ধ্যায় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল ৩টায় সংসদ ভবন এলাকায় এলডি হলে (নিচতলা, ৩ নম্বর ব্লকে) এ সংবাদ সম্মেলন হবে।