ডিবি পরিচয়ে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা, আটক ২

নেত্রকোনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছেন সেনাসদস্যরা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত শনিবার রাত ১১টার দিকে পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক থেকে তাদের আটক করা হয়। গতকাল রবিবার সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের মো. খাইরুল ইসলাম (৪২) ও শ্যামগঞ্জ এলাকার আল মামুন (৪৪)।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।