কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মামা-ভাগ্নের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৮)। হুসাইন মধ্য করপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। মামাবাড়ি করপাড়ায় থেকে থেকে তিনি লেখাপড়া করতেন। 

কাশিয়ানী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন মজুমদার জানান, দুপুর ১২টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ব্যাটারী চালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকী ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।