ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বসল পুলিশের বিশেষ চেকপোস্ট

ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে আজ সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম চলবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রথম পালা বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালনা করা হবে। এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।