যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি। ১৮৫৩ সালের পর থেকে হোয়াইট হাউজে থাকা সব মার্কিন প্রেসিডেন্টই এই দুই দল থেকে এসেছেন। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। স্বাধীন দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সূচনালগ্নে এই দুই দলের একটিরও অস্তিত্ব ছিল না। জর্জ ওয়াশিংটনের দলের নাম ছিল ফেডেরালিস্ট পার্টি, আর টমাস জেফারসনের দলের নাম ছিল ডেমোক্রেটিক-রিপাবলিকান পার্টি। উনিশ শতকের শুরুর দিকে ফেডেরালিস্ট পার্টি বিলুপ্ত হয়ে যায়। তবে পরবর্তী সময়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের রাজনীতির মূলে চলে আসে। নির্বাচনী প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে ‘হাতি’ ও ‘গাধা’ ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি। তবে কীভাবে এর শুরু, এ প্রশ্নের জবাব পেতে আমাদের বেশ পেছনে যেতে হবে।
১৮২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থী অংশ নেন। তাদের চারজনই ছিলেন ডেমোক্রেটিক-রিপাবলিকান দলের সদস্য। সেখানে একজন প্রার্থী ছিলেন অ্যান্ড্রু জ্যাকসন। সাবেক এই মিলিটারি জেনারেলকে প্রথমে প্রার্থিতা দেওয়া হয়েছিল ‘ডামি ক্যান্ডিডেট’ হিসেবে। কিন্তু বাকিদের অবাক করে দিয়ে প্রায় ৪২ শতাংশ ভোট নিয়ে সবচেয়ে বেশি ভোট পান তিনিই। তবে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে যায় নির্বাচন। সেখানে বাকি প্রার্থীদের কূটকৌশল সে মেয়াদে তাকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বঞ্চিত করে। স্বাভাবিকভাবেই বিষয়টির জ্যাকসন ও তার সমর্থকরা ভালোভাবে নেয়নি। তারা নতুন একটি রাজনৈতিক দলের ডাক দেয়। এর নাম দেওয়া হয় ডেমোক্রেটিক পার্টি। সেই সময়কার মার্কিন রাজনীতির ভিত্তি ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক-রিপাবলিকান পার্টির রাজনীতিবিদদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন জ্যাকসন। ক্ষমতাসীন দল ও তাদের সমর্থিত গণমাধ্যম জ্যাকসনকে নিয়ে হাসি-ঠাট্টা করতে শুরু করে। কিছু পত্রিকা তাকে ‘জ্যাকঅ্যাস’ বলে সম্বোধন করতে শুরু করে। রাজনৈতিক কার্টুনেও গাধার ব্যঙ্গচিত্রের মাধ্যমে জ্যাকসন ও তার অনুসারীদেরকে ইঙ্গিত করতে শুরু করে পত্রিকাগুলো। জ্যাকসন এই সমালোচনাকে ইতিবাচকভাবে নেন। সেই ‘অ্যাস’ বা গাধাকেই বানান তার দলের প্রতীক। এই প্রতীক নিয়েই ১৮২৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হারান জ্যাকসন, যা ছিল ডেমোক্রেটিক পার্টির পথচলার শুরু।
ডেমোক্রেটিক পার্টির উত্থানের ফলে বিলুপ্ত হয়ে যায় ডেমোক্রেটিক-রিপাবলিকান পার্টি। ‘হুইগ পার্টি’ নামে আরেকটি দল জাতীয় রাজনীতিতে তাদের জায়গা নেয়। ডেমোক্রেটিক পার্টির সাম্রাজ্যবাদী মানসিকতার বিরোধিতা করা এই দলের সদস্য ছিলেন আব্রাহাম লিংকন। তবে উনিশ শতকের মাঝামাঝি সময়ে দাসপ্রথা বিলুপ্তির প্রশ্নে বিভক্ত হয়ে যায় এই পার্টি। লিংকন এবং দাসপ্রথাবিরোধী হুইগরা মিলে গড়েন নতুন একটি রাজনৈতিক দল-রিপাবলিকান পার্টি। একই সময়ে হারপার্স উইকলি ম্যাগাজিন আত্মপ্রকাশ করে। যেখানে রাজনৈতিক কার্টুনকে নতুন উচ্চতায় নিয়ে যান টমাস ন্যাস্ট নামে এক কার্টুনিস্ট। সিএনএনের মতে, তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম বিখ্যাত রাজনৈতিক কার্টুনিস্ট। তাকে মার্কিন কার্টুনের জনকও বলা হয়।
রাজনৈতিক-সামাজিক বিদ্রুপের স্বার্থে ন্যাস্ট তার কার্টুনে প্রচুর পশু-পাখি ব্যবহার করতেন। ষাটের দশকে লিংকনের ক্ষমতালাভ এবং গৃহযুদ্ধের মাধ্যমে দাসপ্রথা বিলুপ্তির পর রিপাবলিকান পার্টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তাদের ভোটার সংখ্যাও অনেক বেড়ে যায়। ১৯৭৪ সালে মার্কিন রাজনীতিতে চলা অস্থিরতা ফুটিয়ে তুলতে একটি কার্টুন আঁকেন ন্যাস্ট। সেখানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে একটি সার্কাস হিসেবে দেখান তিনি। বিভিন্ন পশু-পাখিকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর প্রতীক হিসেবে ব্যবহার করেন। এই কার্টুনেই প্রথমবারের মতো রিপাবলিকান পার্টিকে একটি বিশাল হাতির রূপে দেখানো হয়, যার গায়ে লেখা রিপাবলিকান ভোট। ন্যাস্ট পরবর্তী সময়ে আরও অনেক কার্টুনে হাতিকে ব্যবহার করেন রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা ও সুবিশাল ভোট ব্যাংককে বোঝাতে। ধারাবাহিকভাবে ন্যাস্টের কার্টুনে হাতির ব্যবহার একসময় বরণ করে নেয় রিপাবলিকান পার্টিও। কার্টুনের মাধ্যমে ১৮৬৪ থেকে ১৯৮৪ সালের মধ্যে ছয়টি প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে প্রভাবিত করেছিলেন ন্যাস্ট। তাকে একসময় ‘প্রেসিডেন্ট মেকার’ খেতাবও দেওয়া হয়েছিল।