প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মন্ত্রিসভায় রদবদল বা নতুন নিয়োগ ও বিয়োজন-সম্পর্কিত কোনো তথ্য তার জানা নেই। তবে, তিনি এও বলেন যে, প্রধানমন্ত্রী কারও পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজনে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি যা করবেন তা দেশবাসীর কল্যাণের জন্যই করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় সরকারের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন। সরকারের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে সৃষ্ট আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘আমি জানি না, আমিও মিডিয়াতে দেখছি। এর বেশি কিছু না।’
ডা. জাহেদ বলেন, ‘প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা গঠন করেছেন। একটি উপদেষ্টা পরিষদও গঠন করেছেন। তার সঙ্গে বিভিন্ন সময়ের আলাপ থেকে যতটুকু বুঝেছি, যদি কখনো তার মনে হয়, কেউ প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন।’
তিনি বলেন, ‘দিন শেষে লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী হিসেবে তার যদি মনে হয়, জনকল্যাণে কোনো সিদ্ধান্ত বেটার (আরও ভালো) করার সুযোগ আছে, তাহলে তিনি অবশ্যই সেটি করবেন। তবে এই পরিবর্তন ১৮০ দিনের আগে হবে নাকি পরে, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। এটা কখন করা হবে সে সম্পর্কে আমার জানা নেই; আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন প্রধানমন্ত্রী।
জ্বালানি সংকট প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে অতীতে দেশীয় গ্যাস উত্তোলনে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে দেশের বিদ্যমান গ্যাসের মজুদ দিয়ে আরও প্রায় ২৫ বছর চাহিদা পূরণ সম্ভব। এ ছাড়া এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকা- গ্রহণযোগ্য নয়।’
আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বিলম্ব হওয়াকে তখনকার সরকারের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবে।
তিনি বলেন, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে সরিয়ে নতুন স্থানে পুনর্নির্মাণ করার ব্যবস্থা হচ্ছে।
এ ছাড়াও সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনি বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে বলে উপদেষ্টা জানান। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে।