বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে সংবিধানে হাত দেওয়া যেতে পারে। কোনো ব্যক্তির কলমের খোঁচা দিয়ে এটা (সংবিধান) বদলানো যাবে না। একজন ব্যক্তি যদি মনে করেন, প্রেসিডেন্টও যদি মনে করেন যে এটা ভুল, এটা তারও উচিত হবে না যে কলমের খোঁচা দিয়ে এটাকে পরিবর্তন করা। জনগণের মতামত ওনাকে জানতে হবে। যখন দেখা যাবে যে, সংখ্যাগরিষ্ঠতার মত গড়ে উঠেছে, তখন সংবিধানে হাত দেওয়া যেতে পারে।’
গতকাল সোমবার সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. কামাল হোসেন বলেন, ‘জনগণই সংবিধানের হেফাজতকারী। সংবিধান নিয়ে জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। প্রতিটি জনগণই কিন্তু ক্ষমতার মালিক হিসেবে ভূমিকা রাখি। আমরা যদি মনে করি যে, এভাবে সংবিধানের ব্যাখ্যা করা হচ্ছে, সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করছে। কোনো ভুল হলে আমরা ধারণা রাখতে পারি। আমরা বিষয়টা তুলে ধরব এবং একটা ঐকমত্য গড়ে তুলব এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা করণীয় সেটা করা হবে।’
তিনি বলেন, ‘সংবিধানের যে পবিত্রতার কথা আমরা বলি, মৌলিক আইনের যে কথা আমরা বলি, সব আইনের ঊর্ধ্বে সংবিধান। তাই যেনতেনভাবে এটাতে হাত দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘জনগণের ভূমিকা হলো সতর্ক থাকা। যেভাবে সংবিধানের ব্যাখ্যা করা হবে, যেভাবে কোর্টের কাছে তুলে ধরা হবে, সব ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। সরকার যদি মনে করে যে ভুল হয়েছে তাহলে ভুলকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে ভুল হয়েছে।’
আলোচনায় অংশ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশ্লেষক ড. শাহদীন মালিক বলেন, ‘দেশ ও রাষ্ট্র চালাতে গেলে সব সরকারেরই সমস্যা হয়। কিন্তু সমস্যায় পড়ে এই যে এতবার, গত ৫২ বছরে বিভিন্ন নামে ১২ বার সরকার পদ্ধতির পরিবর্তন আমরা করেছি। এটা আমরা কেন জানি করেই চলেছি। এগুলো রাষ্ট্র ও সরকার পরিচালনা সম্পর্কে আমাদের অপরিপক্বতার বহিঃপ্রকাশ। সমস্যায় পড়লেই আমরা সমাধান খুঁজি সরকার পদ্ধতি পরিবর্তনের। এটা পৃথিবীর আর কোথাও হয় না।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যে সময় যে সরকার আসে, তারা তাদের সুবিধামতো সংবিধান সংস্কার করে। কেন? এটা তো আমাদের দলিল, রাষ্ট্রের দলিল, জনগণের দলিল। সেটাতে হাত দেওয়ার আগে কিন্তু চিন্তাভাবনা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘সংবিধান সংশোধন হবে না পুনরায় লেখা হবে আমার কাছে মনে হচ্ছে এই বিতর্ক একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে জাতিকে। রাজনৈতিক কর্মী হিসেবে আমি সামনে অনেক মেঘ দেখছি আকাশে। সেটি নির্বাচন পর্যন্ত। অনেক ষড়যন্ত্র হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হতে পারে, নির্বাচনব্যবস্থা বন্ধ হতে পারে। অনেকে মনে করছেন নতুন সংবিধান লিখবেন। এখন যদি সংবিধান সংশোধন বা পুনরায় লেখা হয় এটি অনুমোদন দেবে কে? ভবিষ্যৎ সংসদ? যদি না করে? তাহলে কি নির্বাচনের সময় ওদেরকে জেতাবেন? যারা এটি অনুমোদন দেবে? তাহলে তো ১৬ বছরের কষ্ট কষ্টই রয়ে গেল।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।