অক্টোবরে সেরার লড়াইয়ে রাবাদা স্যান্টনার নোমান

আইসিসি অক্টোবর মাসের মাসসেরার লড়াইয়ে থাকা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আজ মঙ্গলবার। বাংলাদেশের বিপক্ষে টেস্টে দারুণ পারফরম্যান্স করে সিরিজসেরার পুরস্কার জেতা কাগিসো রাবাদা আছেন এবারের তালিকায়।

রবাদার সঙ্গে বাকি দুজন হলেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও পাকিস্তানের নোমান আলি।

অক্টোবরে দুটি টেস্ট খেলেন রাবাদা, দুটিই বাংলাদেশের বিপক্ষে। মিরপুরে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পথে ক্যারিয়ারে ৩০০ উইকেট পূর্ণ করেন রাবাদা। ইতিহাসের প্রথম পেসার হিসেবে ১২ হাজারের কম ডেলিভারিতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি (১১ হাজার ৮১৭ ডেলিভারি)।

দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নেন ৬ উইকেট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন রাবাদা। অবশ্য দ্বিতীয় ইনিংসে থাকেন উইকেটশূন্য। 

নিউজিল্যান্ডের হয়ে অক্টোবরে কেবল একটি ম্যাচ খেলেই মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন স্যান্টনার। ভারতের বিপক্ষে পুনে টেস্টে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ১৩ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।

ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে দুই টেস্ট খেলার সুযোগ পান নোমান। দুই ২০ উইকেট নিয়ে পাকিস্তানের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি এই স্পিনার। নোমান এবারই প্রথম জায়গা পেলেন মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।

এছাড়া নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার, ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।