ফিরছে আফ্রো-এশিয়া কাপ, কোহলি-বাবর কি একসঙ্গে খেলবেন?

দুই যুগেরও বেশি সময় আগে সবশেষ হয়েছিল আফ্রো-এশিয়া কাপ। ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে একসঙ্গে ভারতের জহির খান, যুবরাজ সিংয়ের সঙ্গে দেখা গিয়েছিল পাকিস্তানের শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকে। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের মোহাম্মদ রফিক ও মাশরাফী বিন মোর্ত্তজা।

এরপর আইপিএলের প্রথম আসর বাদে আর ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের একসঙ্গে খেলতে দেখা যায়নি। অনেক ক্রিকেট ভক্তেরই ইচ্ছে বিরাট কোহলি ও বাবর আজমকে একসঙ্গে খেলতে দেখার। তাদের সেই আশা পূরণ হতে পারে এবার।

আফ্রো-এশিয়া কাপ চালু নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশেন (এসিএ) ও এশিয়ান ক্রিকেট বাউন্সিলের (এসিসি) মধ্যে।

এনক্রিকইনফোর এক রিপোর্টে বলা হয়, শনিবার এসিএর বার্ষিক সাধারণ সভায় একটি ৬ সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যাদের দায়িত্ব সংস্থার পুনর্গঠন ও আফ্রিকা মহাদেশের খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ বৃদ্ধি করা।

এর অংশ হিসেবে এসিসিসহ অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে আন্তমহাদেশীয় ক্রিকেটের সুযোগ খুঁজে দেখবে কমিটি, যেখানে আছে আফ্রো-এশিয়া কাপও।

বর্তমানে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদেশ ১২টি। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অবস্থান এশিয়ায়। আফ্রিকায় আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দেড় যুগ পর টুর্নামেন্টটি যদি আবার অনুষ্ঠিত হয়, তাহলে লম্বা সময় পর ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের আবার একসঙ্গে খেলতে দেখা যাবে। আগে আফ্রিকা একাদশের হয়ে কেনিয়ার খেলোয়াড়রাও খেলতেন।

২০০৫ আফ্রো-এশিয়া কাপের তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১–১ সমতায়, একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। ২০০৭ আসরে তিন ম্যাচই জিতেছিল এশিয়া একাদশ।