অনলাইনে রিটার্ন দাখিল হলে প্রয়োজন নেই হার্ডকপির

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের পর কোনো হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এনবিআর থেকে এ-সংক্রান্ত স্পষ্টীকরণ বিবৃতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয়, যা আইনসংগত নয়। তাই অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।

এনবিআর জানায়, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। তবে স্থানীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অফিসে কার্যালয়ে কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অধিকন্তু দাখিলপত্র ডাকযোগেও পাঠানো যায়।

যদিও এনবিআর কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করেছে।