গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকেই সড়ক অবরোধ থাকার কারণে শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন।

গাজীপুর শিল্প-পুলিশ ও শ্রমিকরা জানায়, মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। বকেয়া বেতনের দাবিতে টি অ্যান্ড জেড গ্রুপের ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। পরে সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কারখানা শ্রমিক রফিকুল ইসলাম বলেন, দুই মাস ধরে বেতন দিয়ে-দিচ্ছি বললেও এখন পর্যন্ত বেতন ভাতা পাইনি। এ কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।

গাজীপুর শিল্প-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ^াস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।