প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি-কুপিয়ে হত্যা,  ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

বাগেরহাটে প্রকাশ্য সন্ত্রাসীদের হাতে খুন হওয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক নেতা সজীব তরফদারের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও থানায় কোনো মামলা হয়নি। খুনের সাথে কারা জড়িত, কেন তারা বিএনপি নেতাকে হত্যা করলো তা উদঘাটনে পুলিশ স্থানীয় রাজনীতির আধিপত্যসহ বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে একাধিক দল তদন্তে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।

এ দিকে বুধবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে নিহত বিএনপি নেতা সজীব তরফদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শহরে যাওয়ার পথে বাগেরহাট সদর উপজেলার মীর্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা সজীবকে গুলি ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহত সজিব তরফদার (৪০) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডেমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ডেমা গ্রামের তরফদার সিদ্দিকুর রহমানের ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বুধবার দুপুরে এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিএনপির সাবেক নেতা সজীব তরফদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। খুনের সাথে কারা জড়িত, কেন তারা বিএনপি নেতাকে হত্যা করলো তা উদঘাটনে স্থানীয় রাজনীতির আধিপত্যসহ বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে।

হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পুলিশের এই কর্মকর্তা জানান।