ডোনাল্ড ট্রাম্পকে ট্রুডোর অভিনন্দন বার্তা

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (৬ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এ বার্তা জানান ট্রুডো।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের সবচেয়ে সফল অংশীদারত্ব রয়েছে। আমরা প্রতিবেশী ও বন্ধু, অভিন্ন ইতিহাস, অভিন্ন মূল্যবোধ এবং আমাদের জনগণের মধ্যে দৃঢ় বন্ধনের ভিত্তিতে ঐক্যবদ্ধ। আমরা একে অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং আমাদের অর্থনীতি গভীরভাবে জড়িত।

তিনি বলেন, ‘আমরা বাণিজ্য, বিনিয়োগ এবং মহাদেশীয় শান্তি ও নিরাপত্তাসহ নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

ট্রাম্পের বিজয় কানাডার জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ ট্রাম্প সব ধরনের আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে কানাডার জিডিপি থেকে কয়েক বিলিয়ন ডলার কমে যাবে।