জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের সহকারীকে মারধরের ঘটনায় পৌর শহরের পাঁচ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (০৬ নভেম্বর) বিকালের দিকে পৌর শহরের পাঁচ রাস্তা মোড়ে এ অবরোধ করা হয়।
এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে জড়িত তিনজনকে আটক করার পর অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
শিক্ষার্থীরা জানায়, দুপুর আড়াইটার দিকে মেলান্দহ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বাস জামালপুর শহরে আসছিল। এ সময় বাসটি গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছালে একজন যুবক বাসে উঠার চেষ্টা করে। এ সময় গাড়ির সহকারী ও শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। তখন ওই যুবক চলে গেলেও পরে পাঁচ রাস্তা মোড়ে ৪-৫ জন যুবককে নিয়ে বাসের সহকারী কামালকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আহ্বায়ক মো. আল মামুন সরকার বলেন, কিছু দুর্বৃত্ত আমাদের স্টাফসহ শিক্ষার্থীর ওপর আক্রমণ করে। শিক্ষার্থীরা পরে সড়ক অবরোধ করে রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে তারা সড়ক ছেড়ে দেয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।