কুমিল্লায় ২০ বাড়ি ভাঙচুর করেছে মাদক কারবারিরা

কুমিল্লা নগরীতে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাঁসারিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক কলেজছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পাশের কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মাদকের কারবার চলছে। মাদক কারবারিরা কাঁসারিপট্টি এলাকাটিকে মাদক আনা-নেওয়ার পথ হিসেবে ব্যবহার করত। সম্প্রতি কাঁসারিপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়। মঙ্গলবার সন্ধ্যার পর অন্তত ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে কাঁসারিপট্টি এলাকায় হামলা চালায়। এ সময় তারা ওই এলাকার অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করে। এর মধ্যে কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদের বাড়িও রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।