প্রায় এক মাস বন্ধ থাকার পর বান্দরবানের পর্যটনের দুয়ার খুলছে। আজ বৃহস্পতিবার থেকে এ পর্যটন স্পট খোলা থাকবে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণ করা যাবে না। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে ‘পার্বত্য জেলার পর্যটন স্পটগুলো উন্মুক্তকরণবিষয়ক’ সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, নীলগিরি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে এ চারটি উপজেলার সঙ্গে নীলগিরি পর্যটনকেন্দ্র সবার জন্য উন্মুক্ত থাকবে। আর অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হবে।’