১০ ট্রাক অস্ত্র মামলা

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

চারদলীয় জোট সরকারের আমলে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

মামলায় বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েক জনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘১০ বছর পর (বিচারিক আদালতের রায়ের পর) এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলে শুনানি শুরু হয়েছে। এ মামলায় আসামিরা পৃথক ধারায় ফাঁসি ও যাবজ্জীবন কারাদ- নিয়ে দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। আদালতে বলেছি, এ আসামিদের প্রতি অবিচার করা হয়েছে। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনের দুটি মামলা ও পৃথক অভিযোগপত্র দাখিল হয়েছে। কিন্তু বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারা অনুযায়ী চোরাচালান ও অস্ত্র উদ্ধারের দুটি মামলাই একটা বিচারের মধ্যে আনা সম্ভব ছিল। আমরা চাইব হাইকোর্টে দুই ধারার বিচার যেন একই সঙ্গে শুনানি হয়।’