বাংলাদেশকে ‘সিঙ্গাপুর’ বানিয়ে দিয়েছে আফগানিস্তান

এভাবেও ম্যাচ হারা যায়!

গতকাল বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে ক্রিকেট দুনিয়াই যেন হতভম্ব হয়ে গেছে! মাত্র ২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১‌২০ রান। সেখান থেকে ১৪৩ রানে অল-আউট! প্রিয় সংস্করণে প্রায় জয়ের পথে থাকা ম্যাচ বাংলাদেশ হেরে গেল ৯২ রানের বিশাল ব্যবধানে। এটাও সম্ভব?

সিনিয়র-জুনিয়র মিলিয়ে কাগজে-কলমে শক্তিশালী বাংলাদেশ দলের পরিসংখ্যান আরও ভয়ানক কিছু তথ্য দেবে। গতকাল বাংলাদেশের শেষ ৮ উইকেট পড়েছে মাত্র ২৩ রানের মধ্যে এবং ৫৩ বলের ব্যবধানে। এর মধ্যে শেষ ৭ উইকেট পড়েছে ২৫ বল ও ১১ রানের মধ্যে। অথচ, শেষ আট ব্যাটারের প্রতিজন ১০ রান করে তুললেও দলীয় স্কোর ২০০ হতে পারত!

এমন কিছুই হয়নি। বরং বাংলাদেশ ‘সিঙ্গাপুর’ হয়ে গেছে। গতকাল আইসিসি চ্যালেঞ্জ লিগে উগান্ডার মুখোমুখি হয়েছিল ওয়ানডে মর্যাদা না পাওয়া সিঙ্গাপুর। আফ্রিকার দেশটির সামনে তারা মাত্র ৮২ রানে অল-আউট হয়ে গেছে। সিঙ্গাপুর অবশ্য বাংলাদেশের চেয়ে ‘ভালো’ খেলেছে। কারণ, তাদের ৪৬ রানের ওপেনিং জুটির পর তাদের শেষ ১০ উইকেট পড়েছে ৩৬ রানে।

নাজমুলরা এখন বলতেই পারেন, সিঙ্গাপুর যদি ৩৬ রানে ১০ উইকেট হারাতে পারে, তাহলে আমরা করলে দোষ হবে কেন?