ক্রিকেট হলো অধিনায়কনির্ভর খেলা। মাঠে অধিনায়কের গুরুত্ব অনেক বেশি। সেই অধিনায়কের ওপর রাগ করে কোনো ক্রিকেটারের মাঠ ছাড়া তাই বিরলতম ঘটনা। এই ঘটনাই এবার দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের প্রতি ক্ষোভ দেখিয়ে মাঠ ছেড়ে চলে যান পেসার আলজারি জোসেফ।
ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে ঘটনার সূত্রপাত। ইংল্যান্ডের সংগ্রহ তখন ১ উইকেট ১০ রান। এ সময় কিছু একটা নিয়ে হোপের সিদ্ধান্ত মানতে পারছিলেন না জোসেফ। মাঠে ইশারায় কিছু একটা দেখাচ্ছিলেন। ধারাভাষ্যকারেরাও তখন এ নিয়ে কথা বলছিলেন। চতুর্থ বলে জর্ডান কক্সকে আউট করেন জোসেফ। বল জোসেফের গ্লাভসে লেগে কিপার হোপের হাতে জমা পড়ে।
উইকেট পাওয়ার পরও জোসেফ কোনো উদযাপন করেননি। বরং নতুন ব্যাটার আসার আগে বাইরে থেকে সতীর্থরা মাঠে ঢুকলে তাদের ওপর ক্ষুব্ধ আচরণ করেন। এরপর ওভারের বাকি দুই বল শেষ করে তিনি মাঠ থেকেই বেরিয়ে যান। কোচ ড্যারেন স্যামি অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। এমন ঘটনায় অবাক হয়ে যান সবাই।
ধারাভাষ্যকারেরা এসময় মাঠে অধিনায়ককে সম্মান করার কথা বলছিলেন। সেসব তো আর জোসেফের শোনার সুযোগ নেই। তবে এক ওভার পরেই তিনি মাঠে ফিরেন। প্রথম ২ ওভারে মাত্র ২ রান দেওয়া জোসেফ পরের ৮ ওভারেদেন ৪৩ রান। শিকার করেন আরও একটি উইকেট। ম্যাচ শেষে অধিনায়ক হোপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
তবে কোচ স্যামি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। টক স্পোর্টসের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।’
‘মেসি ব্রাজিলে জন্মালে ৪৫ বছর পর্যন্ত খেলত’
বাংলাদেশের ক্রিকেটারদের ‘ক্লান্ত’ দেখছিলেন বুলবুল
সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না, মনে করেন নাসুম