ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার একটি প্রাইভেট কারের মধ্য থেকে মো. শফিক ব্যাপারী (২৩) এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটি কানাইপুরে এক বাড়ির সামনে রাখা একটি গাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত মো. শফিক ব্যাপারী মৃগী দক্ষিণপাড়ার মো. কুদ্দুস ব্যাপারী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকার ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকার শফিক প্রাইভেট কারটি পরিচ্ছন্ন করার উদ্দেশে প্রাইভেট কারের মালিকের নিকট থেকে চাবি নিয়ে আসে। এর বেশ কিছু সময় পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে শফিকের খোঁজ করা শুরু করে তার পরিবার। এর একপর্যায়ে রাতে ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা ওই প্রাইভেটকারের মধ্যে থেকে শফিকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের মধ্যে থেকে শফিকের মরাদেহটি উদ্ধার করে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে কানাইপুরের একটি বাড়ির উঠানে রাখা প্রাইভেট কার এর মধ্যে থেকে শফিক নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। পরবর্তীতে তদন্ত করে বিষয়টি দেখা হবে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি।