পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

পাবনার আতাইকুলায় পেঁয়াজের জমি থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম আসিফ। সে গঙ্গারামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আতাইকুলার গঙ্গারামপুরে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল আসিফ। সেখান থেকে আর বাড়ি ফেরেনি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে মাঝে মাঝেই বাড়ি ফিরত না। এজন্য পরিবারও খোঁজাখুঁজি করেনি। পরে গতকাল সকালে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে গলাকাটা অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এদিকে, মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের  ফোর্ডনগর ধলেশ্বরী নদী থেকে রুবেল (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

নিহতের স্ত্রী আঞ্জুমান জানান, গত বুধবার রাতে তার স্বামীকে মোবাইলে কল দিয়ে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয়। তারপর রুবেল আর বাড়িতে ফেরেননি। আশপাশে ও নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার সকালে নদীতে ভাসমান লাশের খবর  পেয়ে সেখানে গিয়ে তার স্বামীর লাশ শনাক্ত করেন তিনি।

আঞ্জুমান বলেন, মোবাইল ফোন দিয়ে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। এ হত্যাকা-ের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই জয়নূল আবেদীন জানান, নিহতের মাথায় চারটি, বাম কানের নিচে একটি কোপের চিহ্ন রয়েছে। গলার শ্বাসনালি রগ কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড।

আবার, সিলেটের কানাইঘাট উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম জুবায়ের হোসেন (৬০)। তার বাড়ি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁওয়ে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হত্যাকা-ে জড়িত সুলতান হোসেনকে (৪৮) পুলিশ আটক করেছে। 

জানা যায়, জুবায়ের ও তার চাচাতো ভাই সুলতানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। শুক্রবার এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সুলতান দা দিয়ে জুবায়েরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সুলতানকে আটক করে।