কুমিল্লায় বাবার সামনে বাস চাপায় প্রাণ গেল ভাইবোনের

কুমিল্লার দেবিদ্বারে বাবার চোখের সামনে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মাদ্রাসায় পড়ুয়া দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউপির ছগুরা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ইউপির হোসেনপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও মেয়ে ফাহিমা আক্তার (৯)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

জানা যায়, জাহাঙ্গীর আলম নিজেই অটোরিকশা চালিয়ে তার দুই সন্তানকে মাদ্রাসায় থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তারা কুমিল্লা-সিলেট সড়কের ছগুরা এলাকার পৌঁছালে বিপরীতে দিকে আসা একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ ও ফাহিমা মৃত্যুবরণ করে।

এদিকে, মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক সোহেলকে (২৫) ট্রাকসহ আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতরা হলেন মোটরসাইকেলচালক বাঁধন (১৮) ও আরোহী রাতুল (২৫)।