গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির এক নেতার বিরুদ্ধে ঐতিহ্যবাহী একটি গরুর হাট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও ফল মিলছে না। অভিযুক্ত কাজী মোশারফ হোসেন রবিন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
এলাকাবাসী জানান, দেড় যুগ আগে বিভিন্ন এলাকার ২৬৪ ব্যক্তি উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় একটি গরুর হাট বসান। এরপর গঠন করেন জামালপুর গরু হাট সমিতি। ধীরে ধীরে ঐতিহ্যবাহী হয়ে উঠে গরুর হাটটি। ব্যক্তিমালিকানাধীন জমিতে বসানো হলেও সরকারের হাটবাজার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটি। ফলে এ বছরেও ইজারা বাবদ প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে সরকার। এ ছাড়া ওই হাটের মাধ্যমে প্রায় ২ হাজার পরিবারের রুটি-রোজগারের পথ তৈরি হয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের পর মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন নেতৃত্বে একদল লোক বারবার ওই হাটটি দখলের চেষ্টা চালাচ্ছেন। তারা জোর করে সমিতির সদস্যদের সরিয়ে দিয়ে হাটের ক্যাশ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছেন। এতে বাধা দিলে খুন-জখম ও মামলায় জড়ানোর ভয়ভীতির দেখান দখলের চেষ্টাকারীরা। এ অবস্থায় ঐতিহ্যবাহী হাটটি রক্ষায় সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ করেছেন।
এদিকে হাট দখলের চেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে উপজেলার জামালপুর এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। জামালপুর হাট সমিতির আয়োজনে ওই কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী, ছাত্র-জনতা, হাট সমিতির সদস্যরা। এ সময় বক্তব্য দেন সমিতির আহ্বায়ক ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবদুর রহমান, সমিতির সদস্য ইব্রাহীম দেওয়ান, একরামুল কবীর, মোহাম্মদ আলী, মোতালেব খান, ইজারার কাউন্টার প্রধান শাখাওয়াত হোসেনসহ অনেকে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ জানান, এই গরুর হাটের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।