আর্জেন্টিনার ভোট পাননি ভিনি; স্পেনের ভোট পাননি রদ্রি!

২০২৪ ব্যালন ডি’অর প্রদানের এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে। এবারের ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক কম হয়নি। ভিনিসিয়ুস জুনিয়রের বদলে স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকে এই পুরস্কার দেওয়াতেই যত বিতর্ক। সেই বিতর্ক ফের উস্কে দিল পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’। এবার তারা ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে।

ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। অর্থাৎ, মাত্র ৪১ ভোটের ব্যবধানে হেরেছেন ব্রাজিলের নতুন তারকা। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন ব্যালন ডি’অরের সেরা দশ জনকে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকরা। তার মানে, রদ্রিকে তার দেশের সাংবাদিকই ব্যালন ডি’অরের শীর্ষভোট দেননি! অন্যদিকে আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। শীর্ষে আছেন জার্মান মহাতারকা টনি ক্রুস এবং তিন নম্বরে আছেন ভিনিসিয়ুস। সেই টনি ক্রুস ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে।

ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। শুধু তাই নয়, ভিনিকে শীর্ষ ১০ থেকে বাদ দিয়েছেন এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিক! অন্যদিকে বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকদের শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকায় ঠাঁই পাননি রদ্রি।