রাজবাড়ীর বালিয়াকান্দিতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া শুরু হচ্ছে। ৫ দিনব্যাপী চলবে এই কার্যক্রম।
শনিবার (৯ নভেম্বর) ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ড. জান্নাতুল ফেরদৌস টিকা প্রদানের সার্বিক প্রস্ততির বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হবে। ১৪০টি প্রাথমিক ও মাদ্রাসায় গিয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ স্বাস্থ্যসহকারীরা এই টিকা প্রদান করবেন।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা কার্যক্রমে অনলাইনে নিবন্ধিতকারীরা টিকা গ্রহণ করবেন। যারা নিবন্ধন করতে পারে নাই তারাও জন্মনিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা নেওয়ার জন্য https://vaxepi.gov.bd/registrationওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো: আশরাফুল হক বলেন, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে আগামী ১০ তারিখ থেকে। ৫ দিনব্যাপী এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যাতে টিকা কার্যক্রমে শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন ও সার্বিক সহযোগিতা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. জান্নাতুল ফেরদৌস বলেন, আগামী ৫ দিনে ১৬৫৭ জন শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে আমাদের। স্বাস্থ্য সহকারী, স্বেচ্ছাসেবক, সুপার ভাইজারসহ মেডিকেল টিম থাকবে টিকা কার্যক্রমে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা গ্রহণকারীরা সুরক্ষিত থাকবে। টিকা গ্রহণে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুকি নেই বলেও তিনি জানান।