বাংলাদেশ কি আজ জিততে পারবে? শঙ্কা জাগাচ্ছে পরিসংখ্যান!

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আসলে এখন এদেশের ক্রিকেটে কোনো কিছুই অবিশ্বাস্য না। প্রথম ওয়ানডেতে যে বাংলাদেশ ৯২ রানে হারবে- সেটাই বা কে ভেবেছিল? আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে নাজমুল হোসেন শান্তদের।

সিরিজে টিকে থাকার মিশনটাই তো বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। একে তো ব্যাটসম্যানদের ব্যাটে বড় রান নেই, সঙ্গে প্রথম ম্যাচে পাওয়া চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আজই তার দেশে ফেরার কথা। মিডল অর্ডারে তাই শূন্যতা থেকেই যাবে। অভিজ্ঞ মাহমুদউল্লাহর ওপর ভরসা করা ইদানিং কঠিন হয়ে দাঁড়িয়েছে। দলকে টেনে তোলার বদলে নিয়মিতই তিনি ডুবিয়ে যাচ্ছেন।

মুশফিকের জায়গায় আজ কিপিং গ্লাভস হাতে দেখা যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলীকে। একইসঙ্গে তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান ও সাম্প্রতিক ফর্মে এগিয়ে আছেন। তাছাড়া ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে দুবাই যেতে না পারা পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ দলে যোগ দিয়েছেন। দুজনের মধ্যে নাহিদ প্রথমবার এবং নাসুম গত ওয়ানডে বিশ্বকাপের পর দলে এলেন।

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই বাংলাদেশকে শক্তিশালী হিসেবে ধরা হয়। কিন্তু এই ফরম্যাটেও এখন শনির দশা। এরসঙ্গে একটি পরিসংখ্যানও টাইগারদের জন্য শঙ্কার। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর কখনই সিরিজ জিততে পারেনি বাংলাদেশ! ২০২৩ সালে চট্টগ্রামে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছিল স্বাগতিকরা। যদিও দুই দলের ১৭টি মুখোমুখি লড়াইয়ে ১১বারই জিতেছে বাংলাদেশ।