প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) অনেকটাই একনায়কের ভূমিকায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে ধরে রাখতে অনেক ক্ষমতা দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। এমনকী লিওনেল মেসি, নেইমারের মতো সুপারস্টারদের ওপরেও তিনি ছড়ি ঘোরাতেন। কিন্তু প্যারিস ছেড়ে স্পেনে পাড়ি জমাতেই বদলে গেছে তার অবস্থান। মলিন পারফর্মেন্সের পাশাপাশি রিয়াল মাদ্রিদে খুব একটা ভালো সময় কাটছে না ফরাসি বিশ্বকাপজয়ী স্ট্রাইকারের।
দুর্দান্ত দল নিয়েও ঘরের মাঠে টানা দুটি ম্যাচ হেরেছে রিয়াল। বার্সেলোনার কাছে হারের পর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সাদামাটা পারফর্ম করে যাওয়া ইতালির এসি মিলানের কাছেও তারা হেরেছে। দুটি ম্যাচেই চরম ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। একের পর এক সুযোগ মিস করেছেন। এদিকে ‘মুন্ডো দোপার্তিভো’ দাবি করেছে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কৌশলে নাকি এমবাপ্পে খুব একটা খুশি নন।
এদিকে ঘরের মাঠে পরপর দুটি বিপর্যয়ের পর এমবাপ্পের পারফর্মেন্সও আতশ কাঁচের নিচে এসেছে। এই মৌসুমে ১৫ ম্যাচে ৮ গোল করেছেন এমবাপ্পে, যদিও এর মধ্যে তিনটি পেনাল্টি ছিল। ২৫ বছর বয়সী তারকা শেষ গোল করছিলেন চ্যাম্পিয়ন্স লিগে স্টুটগার্ডের বিপক্ষে। এরপর টানা তিন ম্যাচ তিনি গোলশূন্য। স্বাভাবিকভাবেই তিনি ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন। চারদিক থেকে ভেসে আসছে সমালোচনা।
সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না এমবাপ্পে। পিএজিতে তিনি ছিলেন ক্ষমতাবান। তাকে ঘিরেই দল গঠন করা হতো, পরিকল্পনা সাজানো হতো। কিন্তু রিয়ালের মতো জায়ান্ট ক্লাবে গিয়ে তিনি সেই অগ্রাধিকার পাচ্ছেন না। বরং তাকে নতুন ক্লাবের ভিন্ন সেটআপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তাই নিজের সেরা ফর্মে ফেরার লড়াইটা কঠিনই হয়ে গেছে ফরাসি তারকার জন্য।
দুইবার বন্ধ হলো ভারতের জাতীয় সঙ্গীত; হাসলেন ক্রিকেটাররা
আর্জেন্টিনার ভোট পাননি ভিনি; স্পেনের ভোট পাননি রদ্রি!
পাপনের যে অবদান স্বীকার করলেন এবাদত
রোহিত-গম্ভীরকে টানা ছয় ঘণ্টা জেরা!