শান্ত-সরকারের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

চতুর্থ ওভারে গজনফরের প্রথম বল ছিল লো ফুলটস। আগের ওভারে ফারুকীকে দুই চার মেরে কিছুটা তেতেই ছিলেন তানজিদ হাসান। লং অন দিয়ে উড়িয়ে মারলেন ছক্কা।

কিন্তু পরের বলেই টাইমিংয়ে গড়বড়। আগের শটের পুনরাবৃত্তি করতে চাইলেও বল গেল মিড অনের দিকে। কিছুটা বাঁ দিকে সরে সহজ ক্যাচই নিয়েছেন মোহাম্মদ নবী। শুরুতেই থামল তানজিদের ১৭ বলে ৩ চার ১ ছয়ে গড়া ২২ রানের ইনিংস।

নবম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ নবীকে ফ্লিকে মিডউইকেট দিয়ে চার মারেন সৌম্য সরকার। এই চারে পঞ্চাশ রানের মাইলফলকে পৌঁছেছে বাংলাদেশ দল।

নবীর একই ওভারের চতুর্থ বলে আরও বড় আনন্দ পাওয়ার কথা দর্শকদের। নবীর ফুল লেংথে পড়া বল সৌম্য সামনে পা বাড়িয়ে ইনসাইড আউট করে কাভার দিয়ে বাউন্ডারি–ছাড়া করেছেন। চোখে লেগে থাকার মতো ছক্কা!

আজ ইনিংসের শুরু থেকেই সৌম্য সরকারকে ছন্দে মনে হচ্ছে। ১৪তম ওভারে ওমরজাইয়ের প্রথম বলে ফ্লিক করে চার মারার পর তৃতীয় বলে সৌম্য যেন সরুপে ফিরলেন! খাটো লেংথের বলটি পুল শটে মিড উইকটে দিয়ে গ্যালারিতে! এমন সৌম্যকেই চায় বাংলাদেশ।

১৬ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে করেছে ৯১ রান। সৌম্য ৩২ ও শান্ত ৩০ রানে অপরাজিত আছেন।