সালাউদ্দিন যেখানে যাননি সেখানে তাবিথ

২০০৮ থেকে গত ১৬ বছরে বাফুফের সভাপতি হিসেবে কাজী সালাহউদ্দিন কখনো এই অর্থ কমিটি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান হননি। সেই ধারা ভাঙলেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। নব নির্বাচিত কমিটির প্রথম সভায় এই দুই পদ নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সালাহউদ্দিন যুগে অর্থ কমিটির প্রধানের দায়িত্বে লম্বা সময় ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে। ৫ আগস্ট সরকার পতনের পর সালাম পদত্যাগ করলে এই কমিটির দায়িত্ব পান সহসভাপতি ইমরুল হাসান। নতুন কমিটির সিনিয়র সহসভাপতি ইমরুল পেয়েছেন শুধু পেশাদার কমিটির চেয়ারম্যানের পদ। গত কমিটিতেও এটি তার হাতেই ছিল। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আজকের প্রথম সভায় আসেননি। 

ডেভেলপমেন্ট কমিটির প্রধান হয়েছেন বাফুফের নতুন সহসভাপতি রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। বিপণন কমিটির প্রধান হয়েছেন আরেক নতুন সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। সহসভাপতি সাব্বির আহমেদ পেয়েছেন ঢাকা মহানগরী লিগ কমিটির-ডামফার চেয়ারম্যানের দায়িত্ব। আরেক সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী গভর্নমেন্ট রিলেশন কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন।

নারী কমিটির চেয়ারম্যান পদে বহাল আছেন বিতর্কিত মাহফুজা আক্তার কিরন। পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান হয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের সভাপতি টিপু সুলতান। স্কুল ফুটবল কমিটি প্রধান হয়েছেন দুই সাবেক ফুটবলার গোলাম গাউছ ও বিজন বড়ুয়া। ৬৪টি জেলার মধ্যে ৩২টি করে জেলার দায়িত্বে থাকবেন তাঁরা।

সংগঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান করা হয়েছে বাফুফের নির্বাচনে আপিল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ জকরিয়াকে। তিন মাসের মধ্যে তাঁকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে। 

অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল কাপ কমিটির প্রধান মঞ্জুরুল করিম। অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সাবেক ফুটবলার ছাইদ হাছান কানন। ডিএফএ কমিটি প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ও এই নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য হওয়া সাবেক ফুটবলার ইকবাল হোসেন। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হয়েছেন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান। ডিএফএ মনিটরিং কমিটির প্রধান রাজবাড়ীর কাউন্সিলর অধ্যাপক দুলাল। সংগঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান করা হয়েছে বাফুফের নির্বাচনে আপিল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ জকরিয়াকে। তিন মাসের মধ্যে তাঁকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে।

কেনাকাটা কমিটির প্রধানের পদে বহাল রাখা হয়েছে জাকির হোসেন চৌধুরীকে। আরও কয়েকটির শীর্ষ পদে পুরোনোদেরই রাখা হয়েছে। 

সহসভাপতি ফাহাদ করিম আগামী বছর মেয়েদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে চান, ‘ফুটবলে একটা ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির করা হয়েছে। যেটার চেয়ারম্যান হয়েছি আমি। অনেক কাজ করতে হবে। ২০২৫ সালে যেভাবেই হোক মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ করব। এটাকে খুব গুরুত্বসহকারে নিচ্ছি।’