রংপুর ১৮৯ আরিফুল একাই ১০৩*

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

নিঃসঙ্গ শেরপা বুঝি একেই বলে! জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় প্রথম দিনেই রংপুর বিভাগ অলআউট হয়েছে ১৮৯ রানে। এর ভেতর আরিফুল হক একাই করেছেন ১০৩ রান। তাকে আউট করতে পারেননি রাজশাহীর কোন বোলার, কিন্তু আরিফুলের ১০ সতীর্থ ঠিকই আউট হয়ে গেছেন তাকে একা রেখে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম সাক্ষী হয়ে থাকল আরিফুলের এই একার লড়াইয়ের। 

শনিবার জাতীয় লিগে সেঞ্চুরি হয়েছে আরেকটি, কক্সবাজারে খুলনার বিপক্ষে ১০৯* রানে অপরাজিত সিলেটের অমিত হাসান। একই ম্যাচে ১ রানের জন্য সেঞ্চুরি পাননি পিনাক ঘোষ। কক্সবাজারে অন্য মাঠে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনে বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ২৩৬ রান। ৫৩ রান করেছেন তাসামুল হক, ৩ উইকেট নিয়েছেন এনামুল হক আশিক।

কক্সবাজারে সিলেট-খুলনা ম্যাচ দিয়েই প্রায় বছর দেড়েক পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এবাদত হোসেন। জাতীয় দলের এই পেসার চোট, অস্ত্রপচার, পূনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে মাঠে নামলেও শনিবারে বল হাতে নেয়ার সুযোগ পাননি।কক্সবাজারে টস জিতে সিলেট বেছে নেয় ব্যাটিং, তাতে এবাদতের প্রতীক্ষা বাড়ে। প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৩ উইকেটে ২৪৪ রান। দলীয় ৭ রানে উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক খান ৪ রান করে আউট হয়ে গেলে ওয়ান ডাউনে নামেন মুবিন আহমেদ দিশান। ব্যক্তিগত ১৫ রানে ক্র্যাম্পের কারণে দিশান মাঠ ছাড়লে উইকেটে আসেন অমিত। পিনাক আর অমিত মিলেই সিলেটকে স্বাস্থ্যবান সংগ্রহের পথে নিয়ে যান। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে শেখ মেহেদি হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান পিনাক। অমিত ১০৯ রানে দিন শেষ করেছেন, তার সঙ্গে আসাদুল্লা আল গালিব অপরাজিত ৮ রানে।

রাজশাহীতে রংপুর নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৯ রানে, এর ভেতর আরিফুল হক একাই করেছেন ১০৩*। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান নাঈম ইসলামের। এক অংকের ঘরে বিদায় নিয়েছেন ৭ ব্যাটসম্যান। রাজশাহীর হয়ে ১৫ ওভারে ৪৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার সাব্বির হোসেন। এই সাব্বির মৌসুমের শুরুর ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। ব্যাট করতে নেমে দিনের বাকি সময়ে ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে রাজশাহী,পিছিয়ে আছে ১৫০ রানে।

সিলেটে ঢাকা বিভাগ বনাম ঢাকা মেট্রোর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করেছে মেট্রো।প্রথম দিনের খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান। সর্বোচ্চ ৮৬ রান করেছেন শামসুর রহমান। ৩ উইকেট এনামুল হকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত