আওয়ামী লীগ একটা মরা লাশ: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটা মরা লাশ। এই মরা লাশ টানাটানি করে কোনো লাভ নেই। শহীদের রক্তের সাথে বেইমানি না করতে অন্যান্য দলকে সতর্ক করে নুর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে যদি কেউ পুনর্বাসন করার অপচেষ্টা করেন। তাহলে তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা হবে। 

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা শহরের মুক্তারপাড়া মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দিল্লি বসে প্রায় প্রায় ফোন আলাপ ফাঁসের নাটক সাজান। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে বলেছিলাম বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ধমন নিপীড়ন করবেন না। এমন দিন আসবে তখন আপনারাও দেশ ছেড়ে পালানোর সময় পাবেন না। শেখ হাসিনা জুতা পায়ে দিয়ে পালানো সময় পেল না। আপনাদের এতিম করে পালিয়ে গেছে। দেশের মানুষের কাছে আপনারা ক্ষমা চান। আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করে দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আওয়ামী লীগের নাম যদি মুখে আনেন। বাংলার মানুষ আপনাদের আর আস্ত রাখবে না।

নুর আরও বলেন, আমরা বর্তমান সরকারকে বলেছি ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হবে। সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচন করতে হবে। তিনি উদাহরণ স্বরূপ বলেন, গণঅধিকার পরিষদ যদি ৫০ভাগ ভোট পায়। তাহলে ১৫০ আসনের অধিকারী হবেন তারা। যে কোনো দল যত ভাগ ভোট পাবে সেই আনুপাতিক হারে তাদের জন্য সংসদ সদস্য নির্ধারণ করা হবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, নেত্রকোণার একটি মাত্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ফ্যাসিস্ট হাসিনার নামে নামকরণ করা হয়। আমরা অনেক চেষ্টা করেছিলাম নেত্রকোণার বিখ্যাত কারো নামে নামকরণ করা হয়। কিন্তু হাসিনা তার নিজের নামে বিশ্ববিদ্যালয়টি নামকরণ করেন। আমরা সরকারকে বলবো এই বিশ্ববিদ্যালয়টি নেত্রকোণার কৃতি সন্তান বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে যেন নামকরণ করা হয়।