অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-(আইসিসি)’-এর রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ও গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিন।
গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বী ও পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়।
ড. ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আবদুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে।
রোম সংবিধির ১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আগ্রাসনমূলক অপরাধের তথ্যের ভিত্তিতে এখতিয়ার প্রয়োগ করতে পারে এই আদালত। এ ক্ষেত্রে প্রসিকিউটর অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেন।
এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের নাম করে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে।
এ সময় হাজার হাজার মানুষকে হত্যা, ধর্ষণ, দেশত্যাগে বাধ্য এবং লাখ লাখ ঘরবাড়ি, সম্পদ বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমার মনে হয় আমিই প্রথম (অভিযোগ) শুরু করলাম। প্রায় ১৫ হাজার ভিকটিম রয়েছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পলাতক সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন।
এর আগে গত ১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছেন একজন ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী। তিনি এই মামলার মাধ্যমে হাসিনা এবং তার সরকারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন। লন্ডন-বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী ও ‘থ্রি বোল্ট কোর্ট চেম্বার’-এর আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন এ তথ্য জানান। তিনি বলেন, আইসিসির রোম সংবিধির ১৫ ধারায় মামলাটি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি হলো সেই চুক্তি যা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠা করে। এটি ১৭ জুলাই ১৯৯৮ সালে ইতালির রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয়েছিল এবং এটি ১ জুলাই ২০০২ সালে কার্যকর হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, ১২৪টি দেশের অংশ অন্যান্য বিষয়ের পাশাপাশি, এটি আদালতের কার্যকারিতা, এখতিয়ার এবং কাঠামো প্রতিষ্ঠা করে।
রোম সংবিধি চারটি মূল আন্তর্জাতিক অপরাধের কথা বলেছে : গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধ। সেই অপরাধগুলো ‘সীমাবদ্ধতার কোনো আইনের অধীন হবে না’ রোম সংবিধির অধীনে, আইসিসি শুধুমাত্র এমন পরিস্থিতিতে চারটি মূল আন্তর্জাতিক অপরাধের তদন্ত এবং বিচার করতে পারে যেখানে রাষ্ট্রগুলো নিজেরাই এটি করতে ‘অক্ষম’ বা ‘অনিচ্ছুক’।