লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ

রাজধানীর খিলক্ষেত এলাকার অভিজাত রেস্তোরাঁ লা মেরিডিয়ানে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম না পাওয়ায় ক্রেতা ও হোটেল কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুজন আহতের খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে হওয়া এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি মো. আজহারুল ইসলাম

জানা গেছে, অফারের খবর পেয়ে আইসক্রিম প্রেমীরা গতকাল শনিবার দুপুর থেকে রেস্তোরাঁর সামনে জড়ো হতে থাকেন। তবে চাহিদা অনুযায়ী ক্রেতাদের আইসক্রিম দিতে না পারায় অপেক্ষমাণ ক্রেতাদের মধ্যে একদল শিক্ষার্থীর সঙ্গে লা মেরিডিয়ান কর্তৃপক্ষের বাগবিত-া হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থী ও লা মেরিডিয়ান হোটেলের নিরাপত্তাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, রেস্তোরাঁটি ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার একটি অফার দিয়েছিল। তবে ক্রেতা চাহিদা বেশি হওয়ায় অল্প সময়ে সব ফুরিয়ে যায়। এতে দুপুর থেকে অপক্ষমান অনেক ক্রেতা আইসক্রিম না পেয়ে ক্ষুব্ধ হয়ে যায়। সে সময় ক্রেতাদের মধ্যে একদল শিক্ষার্থী এটি নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিত-া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।