জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির যে যুদ্ধ চলমান রয়েছে, সেই যুদ্ধের কারণে বাংলাদেশে নতুন করে সমস্যার সূচনা হয়েছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়, আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে এবং হঠাৎ করে বিপদে পড়া বাংলাদেশ বিপদমুক্ত হবে।
গতকাল শনিবার বিকেলে রংপুর নগরীর জাতীয় পার্টির কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির কর্মিসভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, মিয়ানমারের সৈন্যরা যেহেতু ফিজিক্যালি আমাদের দেশে প্রবেশ করছে, এটা নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রশ্ন আছে, এ নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে সবাই উদ্বিগ্ন। যেটাই হউক না কেন, এ বিষয়ে দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে বিষয়টি তুলে ধরা দরকার। তিনি আরও বলেন, এখন যারা দেশে ঢুকছেন, সংখ্যায় খুব বেশি নয়, তবে বিগত সময়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে, আরও যদি প্রবেশ করে কিংবা আসা শুরু হয় তাহলে আমাদের সমস্যা তৈরি করবে।
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাউন্সিলের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, রাজনীতি ও দল করার সবার অধিকার রয়েছে। যারা এসব করছে, তারা কেউ জাতীয় পার্টির নয়। তাছাড়া এসব কাউন্সিল আইনগত কোনো ভিত্তি রাখে না। এজন্য এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সরকার নিয়ন্ত্রণে রাখতে পারবে কি না এমন প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, সরকার রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে না। কেননা সরকার ইতিপূর্বে যত পদক্ষেপ নিয়েছে সব পদক্ষেপই ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুর রাজ্জাকসহ জাতীয় পার্টির অন্য নেতারা। পরে জিএম কাদের জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মিসভায় যোগদান করেন।
