জাতীয় ক্রিকেট লিগে কক্সবাজার একাডেমি মাঠে প্রথম দিনেই খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সিলেটের উইকেটকিপার ব্যাটসম্যান অমিত হাসান। আজ রবিবার দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
অমিত ২১৩ রান করে আউট হন। ৪৫৫ বলের ইনিংসে ছিল ১৮ চার ও ১ ছক্কা। এবারের জাতীয় লিগে এটি প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। এটি অমিতেরও প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৮৬।
চতুর্থ উইকেটে অমিত ও আসাদুল্লা আল গালিব ২৫১ রানের জুটি গড়েন। গালিবও করেন সেঞ্চুরি। ২৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১৫ করে গালিব আউট হলে জুটি ভাঙে।
অমিত আউট হন দলীয় ৪৭৫ রানে। সিলেট ৭ উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ২ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৩ রান নিয়ে দিন শেষ করে খুলনা।