চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগের শুরু থেকে ছন্দে ছিলেন না লিজেল লি। আগের পাঁচ ইনিংস মিলিয়ে রান করেছিলেন মোটে ৭১। কিন্তু রবিবার পার্থ স্কচার্সের বিপক্ষে তিনি এমনভাবেই জ্বলে উঠলেন যে, রেকর্ড বইয়ে তোলপাড় হয়ে গেল! ৭৫ বলে ১২ চার ১২ ছক্কায় ১৫০ রানের টর্নেডো ইনিংস খেলেছেন হোবার্ট হারিকেন্সের ৩২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ১১টি ছক্কার বিশ্বরেকর্ড ছিল যৌথভাবে অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস ও ব্রাজিলের লরা আগাথার। এবার ১২ ছক্কা মেরে সেই রেকর্ড ভেঙে দিলেন লি। এছাড়া উইমেন’স বিগ ব্যাশে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটাও লি নিজের করে নিয়েছেন। আগের রেকর্ড ছিল ব্রিজবেন হিটের হয়ে হ্যারিসের ১৩৬। লির ইনিংসটি মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র লিই দেড়শ স্পর্শ করতে পেরেছেন। এতদিন এই রেকর্ড ছিল ১৪৮ রান করা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির। এদিন লি ২৯ বলে ফিফটি স্পর্শ করেন। পরের পঞ্চাশে যেতে সময় নিয়েছেন মাত্র ২২ বল। ছক্কা মেরে ৫১ বলে তিনি তিন অংক স্পর্শ করেন। শেষ ওভারে টানা দুটি ছক্কায় পৌঁছে যান দেড়শ রানে। মাঠ ছাড়েন অপরাজিত থেকেই।
ফিটনেস বিতর্কের কারণে দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া লি ম্যাচের পর বলেন, ‘এটা দুর্দান্ত একটা দিন। আমি বলছি না যে, সব বলই আমার মাঝব্যাটে লাগছিল। কারণ আসলে সেটা হয়নি। তবে আজ সবকিছু আমার পক্ষেই আসতে থাকে। ফর্ম একটু পড়তির দিকে ছিল। সেখানে অবিশ্বাস্যভাবে আমার দল ও পরিবারকে পাশে পেয়ে ঘুরে দাঁড়িয়েছি।’
ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা অস্ট্রেলিয়ার
সাকিবের তোপ আর সল্টের সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!