পিরোজপুর মঠবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর সালাউদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা গত শনিবার রাতে উপজেলার দেবত্র গ্রাম মাদ্রাসাসংলগ্ন খালে মৃতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। মৃত শাহাবুদ্দিন দেবত্র গ্রামের আবদুল সাত্তার মিয়ার ছেলে। তিনি ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
কুড়িগ্রামের নাগেশ^রীতে আবু তালেব (৪৬) নামের সাবেক এক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনার তালতলীতে শ্যামল চন্দ্র সরকার (৫৫) নামের এক বনপ্রহরীর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল উপজেলার সকিনা এলাকার বিট কর্মকর্তার পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা বালুর চর দখল কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৪০) নামের একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।
কুমিল্লার বুড়িচংয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুর সাত্তার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বাকশিমুল ইউপির পীতাম্বর এলাকার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কুড়িগ্রাম, কুষ্টিয়া, কুমিল্লা, তালতলী (বরগুনা) প্রতিনিধি ও মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা]