দাবি করা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সোহেল প্রধান (৩৬) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে উপজেলার জামালদী বাসস্ট্যান্ডের পাশে দারুচিনি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে আহত ব্যবসায়ী সোহেল প্রধানের স্ত্রী রাবেয়া আক্তার রুবি দুজনের নামসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ব্যবসায়ী সোহেল প্রধান জানান, তিনি জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করেন। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী আসিফ (২৫) বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে। এরই জেরে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফের নেতৃত্ব ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জামালদী এলাকায় তার প্রতিষ্ঠানের ভেতর প্রবেশ করে ৩০ হাজার টাকা চাঁদা নিতে আসে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।