ফর্মে থাকা সালাহর জায়গা হলো না জাতীয় দলে!

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে ১১ রাউন্ড শেষে শীর্ষে আছে লিভারপুল। এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ার কথা মোহামেদ সালাহর। তবে চলতি মৌসুমটা এখন পর্যন্ত দারুণ পারফরম্যান্সে রাঙিয়ে তুলছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ১৭ ম্যাচে ১০টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন সালাহ। তবু সালাহর জায়গা হলো না জাতীয় দলে।

এই নভেম্বর মাসে ফিফা উইন্ডোতে অধিনায়ক সালাহকে ছাড়াই আফ্রিকা নেশন্স কাপের (আফকন) দল ঘোষণা করেছে মিশর। আগেই মিশরকে আফকনের মূল পর্বের টিকিট পেতে ভূমিকা রেখেছেন সালাহ। তাই সালাহকে বিশ্রামে রেখেই দল ঘোষণা।

আফ্রিকান ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার পরবর্তী আসর বসবে মরক্কোতে। আগের চার ম্যাচের চারটি জিতেছে সালাহর দল। আগামী ১৫ নভেম্বর কেপ ভার্দে ও ১৯ নভেম্বর বতসোয়ানার বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবে মিশর।

সালাহ মিশরের জার্সি গায়ে খেলেছেন ১০৩ ম্যাচ। সর্বোচ্চ ৫৯টি গোল করেছেন। লিভারপুলের জার্সিতে সবমিলিয়ে তার গোল ২২১টি।