রুবেন আমোরিম চার বছর ছিলেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কোচ। ক্লাবটির হয়ে দায়িত্বে শেষ ম্যাচ হিসেবে ডাগআউটে আমরিম ছিলেন রবিবার। পর্তুগিজ লিগের ম্যাচে স্পোর্টিং ৪-২ গোলে হারিয়েছে ব্রাগাকে।
আমোরিমের কোচিংয়ে চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচের সবকটি জিতল স্পোর্টিং। গোল করেছে মোট ৩৯টি।
আমোরিম এরপর দায়িত্ব নেবেন ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। অবশ্য ম্যানইউর সব সাফল্য যেন আটকে আছে সেই অ্যালেক্স ফার্গুসন আমলে। দলকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব আমোরিমের। আজ সোমবারই সেই দায়িত্ব বুঝে নেয়ার কথা তার।
ব্রাগার বিপক্ষে স্পোর্টিংয়ের ম্যাচে জয়ের পর আমোরিম বলেন, 'নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। আমি আনকোরা কেউ নই। জানি যে, এখানকার চেয়ে কাজটা ওখানে খুবই ভিন্ন, খুবই কঠিন হবে। তবে শান্তই আছি। আপাতত আমার সব মনোযোগ নতুন দায়িত্বে, শুরু করতে মুখিয়ে আছি।'
স্পোর্টিংয়ে চার বছরে দুটি লিগ শিরোপাসহ মোট পাঁচটি ট্রফি জিতেছেন আমোরিম। মৌসুমের মাঝপথে স্পোর্টিং ছেড়ে যাচ্ছেন বলে আগেও দুঃখপ্রকাশ করে আমোরিম বলেন, এটা রোমাঞ্চকর এক অভিযান। মৌসুমের মাঝেই এভাবে চলে যেতে হওয়ায় ক্ষমা প্রার্থনা করছি (স্পোর্টিংয়ে কাছে)। তবে আমার মনে হয়েছে এখনই আমার সময় এবং এটিই আমার পথ।'
ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ থাকায় লিগ বন্ধ এখন। আমোরিমের কোচিংয়ে ম্যানইউর প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর।