আরিচা-কাজিরহাট রুটে দুদিন পর ফেরি চালু

দুদিন বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল সোমবার দুপুরে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সংকটের কারণে গত শুক্রবার রাত ১১টা থেকে এ রুটে ৭২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বিআইডব্লিউসিটি। জরুরি ভিত্তিতে ড্রেজিংয়ের ফলে চ্যানেল ফেরি চলাচলের উপযোগী হওয়ায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল শুরু হয়। দুপুরে পাঁচটি ফেরি আরিচা ঘাট থেকে যানবাহন নিয়ে কাজিরহাট যাত্রা করে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ম্যানেজার আবু আবদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, শীত মৌসুমে নদীতে পানি কমায় চ্যানেল দিয়ে ফেরি চলাচল ব্যাহত হয়। বিআইডব্লিউটিএ দ্রুত ড্রেজিং করায় অল্প সময়ের মধ্যে ফেরি চলাচল শুরু করা সম্ভব হয়েছে। প্রায় দুদিন বন্ধ থাকার পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।