তথ্য অধিদপ্তর (পিআইডি) ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। গত বৃহস্পতিবার অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীরের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের মধ্যে সম্পাদক, উপ-সম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকরা রয়েছেন।
এর আগে গত ২৯ অক্টোবর ২০ জন এবং নভেম্বরের প্রথম সপ্তাহে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল তথ্য অধিদপ্তর। এদিকে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এ অনুরোধ জানান।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।
বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময় সাংবাদিকদের নামে আগের মতো মামলা-হামলা চলমান থাকবে, সেটা কখনো কাক্সিক্ষত নয়। এ ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাও গ্রহণযোগ্য হতে পারে না। ডিইউজে গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি অনুরোধও জানিয়েছে।