বাড়ি থেকে কিছু দূরে মিলল বৃদ্ধের গলা কাটা লাশ

বগুড়ার শাজাহানপুরে আবুল কালাম ওরফে কালা (৭০) নামের এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তর পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম ওরফে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তর পাড়ার মৃত সইমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

পুলিশ জানায়, আজ সকালে রহিমাবাদ উত্তর পাড়ায় আবুল কালামের বাড়ির সামনে কিছু দূরে ফাঁকা জায়গায় তার গলা কাটা লাশ স্থানীয়রা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহত আবুল কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।’