কপ২৯

ড. ইউনূস কাল ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে বিকাল ৩টার মধ্যে ড. ইউনূস কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল কপ২৯ শুরু হয়েছে। অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ বাকুতে কপ২৯-এর উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন।

একটি সূত্রের বরাতে বাসস জানিয়েছে, ড. ইউনূস বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে দেখা করেছেন।

প্রফেসর ইউনূস কপ২৯ ভেন্যুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কি ফার্স্ট লেডির সাক্ষাৎ করেন। বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেলের সাথে সাক্ষাৎ করেন তিনি।

অন্যদের মধ্যে অধ্যাপক ইউনূস বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি ও আইওএম মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া আল-আজহার আল শরীফের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব আজ সকালে বাকুর রিৎজ কার্লটন হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।