চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মার্কেটের একটি খাবার হোটেল ও দুটি ছোট দোকান আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরের বায়েজিদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, কর্ণফুলী কমপ্লেক্সে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মী ও দোকানিরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক সংবাদমাধ্যমকে জানান, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।