সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদসহ ৩ জন রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদসহ ৩ জনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে আজ বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

বুধবার সকালে আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করে। অন্যদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে।

শুনানিতে রাজধানীর উত্তরা–পশ্চিম থানায় করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

এছাড়া অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৩ দিনের রিমান্ড এবং সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৯ অক্টোবর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ। 

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছিল, উত্তরা ১০ নম্বর সেক্টরে আবদুস শহীদের বাসা থেকে কোটি কোটি বাংলাদেশী টাকাসহ, বিপুল পরিমাণ কানাডীয় ডলার, ইউরো, থাই বাথ, মার্কিন ডলার, মেক্সিকান ডলার, হংকং ডলার, রুপি, কাতার রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার পাশাপাশি প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুস শহীদ।