উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ: আসামি লামিন রিমান্ডে 

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:১৮ পিএম

রাজধানীর উত্তরায় এক ব্যক্তির সামনে থেকে তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের মামলার আসামি লামিন ইসলামকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার আসামি লামিনকে (১৯ বছর) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই (উপ-পরিদর্শক) ফরিদুজ্জামান। ওইদিন আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য রাখেন। আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামির আইনজীবী শহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আরজি জানান। বাদীপক্ষে আসামির রিমান্ডের আরজি জানিয়ে শুনানি করেন আইনজীবী শাহ্ মো. শরিফুল ইসলাম।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করেন। গত ১ মে লামিনকে গাজীপুরের পুবাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত